Image description

চট্টগ্রাম নগরের যানজট নিরসন, অনুমোদিত নকশা বাস্তবায়ন এবং ইমারত নির্মাণ বিধিমালা নিশ্চিত করতে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এর অংশ হিসেবে সোমবার নগরের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হয়। এই তালিকায় ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের মালিকানাধীন ট্রিটমেন্ট হাসপাতালও।

পরিদর্শনে ট্রিটমেন্ট হাসপাতালে পার্কিংয়ের নির্ধারিত স্থানে সিলিন্ডারের মজুত এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকার বিষয়টি উঠে আসে। পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।

একই দিন পরিদর্শন করা হয় ল্যানসেট হাসপাতাল, শেভরন হাসপাতাল, বেলভিউ হাসপাতাল, উৎসব সুপারমার্কেট ও আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল। এসব প্রতিষ্ঠানে পার্কিং ব্যবস্থাপনা, অনুমোদিত নকশা ও ভবনের ব্যবহার পর্যালোচনা করা হয়।

ল্যানসেট হাসপাতালের ক্ষেত্রে দেখা যায়, একটি আবাসিক ভবনে হাসপাতালটি পরিচালিত হচ্ছে, যেখানে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই। পার্কিংয়ের নির্ধারিত স্থানেও ফার্মেসি ও বিভিন্ন দোকান বসানো হয়েছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থারও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এই অব্যবস্থাপনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এক মাস সময় দিয়েছেন চউক চেয়ারম্যান। এই সময়ের মধ্যে অনুমোদিত ভবনে হাসপাতালের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে অথবা হাসপাতাল অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে। নির্দেশ না মানলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

শেভরন হাসপাতালের বেসমেন্টে পার্কিং ব্যবস্থা থাকলেও নিচতলায় নকশা অনুযায়ী নির্ধারিত পার্কিং স্থানে পর্যাপ্ত পার্কিং পাওয়া যায়নি। এই ঘাটতি সংশোধনে কর্তৃপক্ষকে তিন মাস সময় দেওয়া হয়েছে। পাশাপাশি রোগীদের যানবাহন যাতে সহজে পার্কিংয়ে প্রবেশ করতে পারে সে বিষয়েও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অপরদিকে বেলভিউ হাসপাতালের কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। পরিদর্শনে পার্কিং ব্যবস্থা মোটামুটি সন্তোষজনক পাওয়া গেলেও অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত স্থানে পার্কিং না থাকায় তা নিশ্চিত করতে বলা হয়েছে।

উৎসব সুপারমার্কেটের নিজস্ব পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় গ্রাহকদের যানবাহন সড়কে অবস্থান করে যানজট তৈরি করছে বলে পরিদর্শনে উঠে আসে। এ সময় প্রতিষ্ঠানের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাওয়া যায়নি। আগামীকালের মধ্যে অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলও একটি আবাসিক ভবন ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। পার্কিংয়ের নির্ধারিত স্থানে পাঠদান কার্যক্রম ও ফুডকার্ট বসানো হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চউক ম্যাজিস্ট্রেটের কাছে এক মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারনামা দিয়েছে। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে ইমারত নির্মাণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের এই অভিযান নয়। সকল প্রতিষ্ঠান যেন নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই শহরকে যানজটমুক্ত করতে হলে ভবনগুলোর নির্ধারিত পার্কিং উন্মুক্ত ও কার্যকর রাখতে হবে। একই সঙ্গে নগরকে বাসযোগ্য করতে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে মেনে চলতে হবে।’

প্রতিষ্ঠানভিত্তিক ব্যবস্থার বিষয়ে তিনি বললেন, ‘আবাসিক ভবনে যারা হাসপাতাল পরিচালনা করছেন, তাদের এক মাসের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অনুমোদিত ভবনে হাসপাতাল স্থানান্তর করতে হবে। ট্রিটমেন্ট হাসপাতালের কর্তৃপক্ষের কেউ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন না, তাদের অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। শেভরন ও বেলভিউ হাসপাতালের পার্কিং ব্যবস্থা তুলনামূলকভাবে সন্তোষজনক, তবে শেভরনের নিচতলায় নকশা অনুযায়ী কিছু পার্কিং কম পাওয়া গেছে, তা তিন মাসের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।’

ল্যানসেট হাসপাতালের অব্যবস্থাপনা প্রসঙ্গে চেয়ারম্যান প্রশ্ন তোলেন, ‘এই ভবনে হাসপাতাল পরিচালনার অনুমতি কীভাবে দেওয়া হয়েছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে অনুমোদন দিয়েছে, নাকি ঢাকায় বসে অনুমোদন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।’