Image description

নেত্রকোনার পূর্বধলায় কালো পতাকা হাতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ।

আজ শুক্রবার সকাল পৌনে আটটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হিরণপুর বাজার এলাকায় এ মিছিল হয়। পরে মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গেছে, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবের নেতৃত্বে মিছিলে সংগঠনটির অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। প্রায় পাঁচ মিনিট ধরে চলা মিছিল শেষে তারা মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ছাড়েন।

ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে একটি ব্যানার নিয়ে কয়েকজন নেতাকর্মী হাঁটছেন। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেনের ছবি রয়েছে।

 

ব্যানারে লেখা রয়েছে, ‘২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নারকীয় তাণ্ডবে নিহত সকল শহীদদের স্মরণে সন্ত্রাসবিরোধী কালো পতাকা মিছিল।’ আয়োজক হিসেবে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের নাম উল্লেখ করা হয়েছে।

 

ভিডিওতে মিছিলের সামনে সোলায়মান হোসেনকে মুজিব কোট পরা অবস্থায় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও ‘পূর্বধলার মাটি, ছাত্রলীগের ঘাঁটি’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। কারও হাতে কালো পতাকা এবং কারও হাতে ব্যানার দেখা যায়।

মিছিলে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাহিমুল ইসলাম নিশাদ ও নাহিদ ইবনে সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাতেন আহমেদ, রনি বেপারী, আবুল বাসার হিমেল ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মামুন শেখ এবং দপ্তর সম্পাদক সালমান হাসানসহ কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে।

স্থানীয় অন্তত চারজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করেই কয়েকজন যুবক হিরণপুর বাজার এলাকায় জড়ো হয়ে কালো পতাকা হাতে স্লোগান দিতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে সড়কের একটি অংশ প্রদক্ষিণ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি তারা শুনেছেন। ভিডিও দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।