লাল বলের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। তারই ধারাবাহিকতায় লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হার। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩৬৬ রান করে স্বাগতিকরা। তৃতীয় দিনের শুরুতে জেমি স্মিথ ও জোফরা আর্চারের লড়াকু ইনিংসের ফলে ৪০৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই হারাতে হয় ইমাম-উল-হককে। আরেক ওপেনার আজান আওয়াইস ফেরেন ৯ রান করে। দুজনেরই উইকেট তুলে নেন আর্চার।
এরপর আব্দুল্লাহ শফিককে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শান মাসুদ। কিন্তু রবিনসনের বলে শফিক ফেরেন ১৫ রানে। ১৪ রান করা সাউদ শাকিলও ব্যর্থ হন বড় জুটি গড়তে। পরে শান ও সালমান আউট হলে দ্রুত ভেঙে পড়ে পাকিস্তান ইনিংস। এরপর একাই চেষ্টা চালিয়ে যান মোহাম্মদ রিজওয়ান। তবে বড় কোনো পার্থক্য গড়তে পারেননি তিনি। আউট হন ৪১ রানে এবং পাকিস্তান থামে ১৩৫ রানে। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট তুলে নেন ওলি রবিনসন,আর্চার এবং জশ টং।