চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে নতুন ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। ঘর নির্মাণের টিন, খুঁটি, কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর পাশাপাশি আসবাবপত্রও দেওয়া হয়।
আজ শুক্রবার সকালে বাঁশখালী উপজেলার জলদি পৌরসভার বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে মোট ১০০টি ঘর নির্মাণের উদ্যোগ নেয় ফাউন্ডেশনটি। এরই অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ৪০টি পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দেওয়া হলো। ঘর তৈরির জন্য প্রয়োজনীয় মিস্ত্রির খরচও ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হবে। পরিবারগুলোর জন্য দেওয়া হয়েছে খাট, তোশক, বেডশিট, মাদুর, বালিশ, মশারি, বালতি, মগ ও ডেকচিসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে এ ধরনের পুনর্বাসন উদ্যোগ গুরুত্বপূর্ণ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন বললেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর নির্মাণের পাশাপাশি তাদের প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী দেওয়ার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। যাতে নতুন ঘরে ফিরে পরিবারগুলো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জীবন শুরু করতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা হামেদ সওদাগর, ফরিদ উদ্দিন রাজু, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, সমাজসেবক মুবিনুল হক এবং আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের অধ্যাপক ডা. ইকরামুল্লাহ খান প্রমুখ।