Image description

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে অন্তত ৪২ শিশু আহত হয়েছে। জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর প্রকাশ করেছে।

সোমবার সন্ধ্যায় কাবুলের দাশত-ই-বারচি এলাকায় বিস্ফোরণটি ঘটে। এলাকাটি আফগানিস্তানের হাজারা ও শিয়া সম্প্রদায়ের মানুষের বসবাসের জন্য পরিচিত। অতীতে এই এলাকায় জঙ্গিগোষ্ঠীর একাধিক হামলা হয়েছে।

কাবুলের একটি হাসপাতালে অন্তত ৩৫ জন আহত শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শিশুদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে।

 
 
 

হাসপাতালের কর্মকর্তা দেজান পানিচ বলেন, আহতদের সবাই বিস্ফোরণের ধাতব টুকরার আঘাতে আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত তিনজনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে।

 
 

বিস্ফোরণের স্থান ও হতাহতদের বয়সের কারণে এটিকে পরিকল্পিত হামলা বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক মানবাধিকার বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট ঘটনাটিকে ‘নৃশংস হামলা’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।

 

আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের মিশনও শিশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইচ্ছাকৃত হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে।

দাশত-ই-বারচি এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হামলা হয়েছে। এসব হামলায় বিশেষ করে বেসামরিক মানুষ, শিক্ষার্থী এবং শিয়া সম্প্রদায়ের সদস্যরা লক্ষ্যবস্তু হয়েছেন।

২০২১ সালের মে মাসে ওই এলাকার একটি স্কুলে হামলায় অন্তত ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও কিশোরী।

এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জন নিহত হন। নিহতদের অনেকেই ছিলেন তরুণী ও কিশোরী।

এদিকে এবারের বিস্ফোরণের কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে বিস্ফোরণের প্রকৃত কারণ ও পরিস্থিতি নির্ধারণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সূত্র: ডন