Image description

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দোহায় তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে আশ্বস্ত করেন কাতারের প্রধানমন্ত্রী। বুধবার (২১ আগস্ট) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ড. খলিলুর রহমান কাতারের নেতাদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। তিনি কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নে কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন, যা বৃহত্তর অঞ্চল ও এর বাইরেও গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দায়িত্ব সফলভাবে পালনের জন্য কাতারের সমর্থন এবং সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বর্ণনা করেন এবং আশ্বস্ত করেন যে, বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 

পরে পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দা ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।