দেশের সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা ও জনসেবার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য ৬৯ কর্মকর্তা নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গতকাল রবিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক অফিস আদেশে জানানো হয় এ তথ্য।
অফিস আদেশ অনুযায়ী, দেশের সরকারি হাসপাতালগুলো তদারকির দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারা।
আদেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে, ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার আওতাধীন নির্ধারিত জেলা/উপজেলা/হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে প্রতিষ্ঠান/হাসপাতাল প্রধানের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নেবেন প্রয়োজনীয় উদ্যোগ। পরিদর্শনকারী কর্মকর্তার সংশ্লিষ্ট অনুবিভাগ/অধিশাখা/শাখায় কর্মরত/দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা/ব্যক্তিগত কর্মকর্তা মনিটরিং কার্যক্রমে সাচিবিক সহায়তা প্রদানের লক্ষ্যে সফরসঙ্গী হবেন সংশ্লিষ্ট পরিদর্শনকারী কর্মকর্তার।’
এতে আরও বলা হয়েছে, আওতাধীন হাসপাতালগুলোর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারক করে দাখিল করতে হবে উপস্থিতি-সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন। জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিশ্চিত করতে হবে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি।
এ ছাড়া মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি করতে হবে প্রয়োজনীয় সহযোগিতা। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উৎসাহিত করার পাশাপাশি বলা হয়েছে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শন করতে বলা হয়েছে আদেশে। পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতিমাসের ৭ তারিখের মধ্যে প্রতিবেদন আকারে পাঠাতে হবে নির্ধারিত শাখায়। বাস্তবায়নযোগ্য সুপারিশের বিষয়ে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপও।
অফিস আদেশে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চলতি মাসে বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে কমপক্ষে একটি পরিদর্শন। এরপর প্রতি মাসে পরিদর্শন সম্পন্ন করতে হবে কমপক্ষে ৩১টি।