রাজধানীর ডেমরার সারুলিয়ায় দুটি হাতবোমাসহ জুয়েল ভুঁইয়া ওরফে ‘ওস্তাদ’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি নরসিংদীর কারাগার থেকে পালানো একজন ‘জঙ্গি’ এবং নব্য জেএমবির আলোচিত বোমা তৈরির কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী।
রোববার (১৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অ্যান্টিটেরোরিজম ইউনিট (এটিইউ) ও ডেমরা থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, জুয়েলকে আটকের পর তার কাছ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ নিশ্চিত হয়, সেগুলো হাতবোমা।
ঘটনাস্থলে থাকা সিটিটিসির এক কর্মকর্তা জানান, কিছুদিন আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জুয়েলকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার জানান, রোববার বিকেল ৫টার দিকে তারা জুয়েলের কাছে বোমাসদৃশ বস্তু থাকার খবর পান। এরপর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।
পরে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা দুটি হাতবোমা নিষ্ক্রিয় করে।
পুলিশের দাবি, গ্রেপ্তার জুয়েল নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যাওয়া ‘জঙ্গি’ হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে নব্য জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
শীর্ষনিউজ