Image description

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।

 

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ায় এ বিক্ষোভ কর্মসূচি করে সংগঠনটির নেতাকর্মীরা।

 

কুষ্টিয়া ডিসি কোর্ট প্রাঙ্গণে জামায়াত ও ছাত্রশিবিরসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের কয়েকশ নেতাকর্মী জড়ো হন। পরে বিকেল ৫টার দিকে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে মজমপুর ও এনএস রোড প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ছয় রাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

এ সময় বিক্ষোভকারীরা ‘প্রশাসন জবাব দাও’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, একজন সংসদ সদস্যের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।

 

 

বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে হামলা, ভাঙচুর ও সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতাকর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, সুজাউদ্দিন জোয়ারদারসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এর আগে, শনিবার ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদেই এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এদিকে রোববার দুপুরে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এমপি মুফতি আমির হামজা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।