Image description

‘আব্বু, সিএনজিচালক আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে’—বাবার মোবাইল ফোনে আকুতি জানানোর পর থেকেই দুই বছরের কন্যাসন্তান জুবাইদাসহ সাহিদা আক্তার (৩৩) নামে এক গৃহবধূর আর কোনো সন্ধান মিলছে না।

 

শনিবার (১৫ আগস্ট) এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর পরিবার চাঁদপুরের হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

 

এর আগে, শুক্রবার ভোরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রাম থেকে পাঁচৈ গ্রামে বাবার বাড়ি যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজ সাহিদা ওই গ্রামের শেখ বাড়ির শফিকুল ইসলামের স্ত্রী।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সাহিদা তার শিশুকন্যাকে নিয়ে মৈশামুড়ার শ্বশুরবাড়ি থেকে পাঁচৈ গ্রামে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর যানটি ভিন্ন পথে যাচ্ছে বুঝতে পেয়ে তিনি দ্রুত বাবার মোবাইল ফোনে কল করেন।

 

সাহিদার বাবা আবুল হোসেন বলেন, মেয়ে সকালে আমার বাড়ি আসার জন্য রওনা দিয়েছিল। কিছুক্ষণ পর হঠাৎ তার মোবাইল ফোন থেকে কল আসে। সে শুধু বলল—আব্বু, সিএনজি আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে। আমার সঙ্গে মাত্র ২৬ সেকেন্ড কথা হয়েছিল, এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খুঁজেও আমরা তাদের সন্ধান পাচ্ছি না।

নিখোঁজ গৃহবধূর শারীরিক বিবরণ উল্লেখ করে পুলিশ জানায়, সাহিদার উচ্চতা আনুমানিক ৪ ফুট ১১ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা।

 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। নিখোঁজ মা ও শিশুকে উদ্ধারসহ অটোরিকশাটি চিহ্নিত করতে পুলিশ জোর তৎপরতা শুরু করেছে।