Image description

১৫ আগস্ট ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা যায়।

এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় র‍্যাব ও পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তারা পথচারী ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আরও সদস্য মোতায়েন ও তল্লাশি কার্যক্রম চালানো হবে।

নিরাপত্তার অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রবেশ ও চলাচলের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের সন্দেহজনক গতিবিধি দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আরও দৃশ্যমান হয়ে ওঠে। সড়কে টহল ও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে দেখা যায় তাদের।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।