Image description

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে নানা আলোচনা-গুঞ্জন থাকলেও এখনো চূড়ান্ত হয়নি প্রার্থী। সেজন্য আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুপুর ১২টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের নীতি-নির্ধারকদের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

এর আগে গত ১০ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব চেয়ারম্যান তারেক রহমানকে দেয়া হয়েছিল।

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে বেশি আলোচিত হচ্ছে। দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের তথ্য অনুযায়ী, মির্জা ফখরুলই হতে যাচ্ছেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী। তবে বুধবার পর্যন্ত দলীয়ভাবে তার নাম ঘোষণা করা হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বুধবার রাতে আগামীর সময়কে বলেন, ‘বৃহস্পতিবার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে যিনি প্রার্থী হবেন তার নাম আমরা জানতে পারব।’

‘সেই বৈঠকে সম্ভাব্য প্রার্থীর স্বাক্ষর নেওয়া হবে এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়ন ফরম নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠানো হবে’— যোগ করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত রবিবার দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে বিএনপি। জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন। আরেকটি সংগ্রহ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন তিনিও।