Image description

ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।

ইয়াসীন আলী সদ্য সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও বিতর্কিত ব্যবসায়ী এস আলমসহ (সাইফুল আলম) ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছিলেন। তিনি ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩৮ জনের বিরুদ্ধে তিনি অনুসন্ধানের জন্য অভিযোগ করেছিলেন। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

২৯ জুলাই ইয়াসীন আলী অভিযোগ করলেও, গত সোম ও মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এরপরই ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। তিনি মতিঝিলে ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

নাম প্রকাশে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা স্ট্রিমকে জানান, ইয়াসীন আলী অভিযোগ করার ক্ষেত্রে ব্যাংকের নিয়ম মানেননি। এজন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সূত্রের দাবি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ওই অভিযোগ দেওয়া হয়। তবে সরকার এই মুহূর্তে চায় না সাবেক এই রাষ্ট্রপ্রতিকে নিয়ে কোনো বিতর্ক হোক। তাঁকে ঘিরে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ইয়াসীন আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় ব্যাংক কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেন, এমডির অনুমতি ছাড়া ওই কর্মকর্তা নিজ উদ্যোগে দুদকে অভিযোগ জমা দিয়েছিলেন। এই কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটা পর্ষদের সিদ্ধান্তের কোনো বিষয় না। এখন তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন জানান, শাখা পর্যায় থেকে দুদকে অভিযোগ করার সুযোগ নেই। ঋণের ক্ষেত্রে অনিয়ম হলে আদালতে যাওয়া হয়। আদালত প্রয়োজন মনে করলে অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠান। এ ছাড়া দুদকের সঙ্গে যোগাযোগ করার জন্য আলাদা বিভাগ আছে।

তিনি বলেন, শাখার কর্মকর্তা কেন দুদকে অভিযোগ জমা দিলেন, তা পরিষ্কার নয়। বিভাগীয় তদন্তের জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ব্যাংক নিয়ম মেনে আদালতে যাওয়া হবে।

ব্যাংকের নথি বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের পর ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইয়াসীন আলীকে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়। সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ করার জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। ২৭ জুলাই জারি করা চিঠিতে শাখা ব্যবস্থাপনার পক্ষ থেকে ইয়াসীন আলীকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়।

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জে এম সি বিল্ডার্স লিমিটেডের প্রতিনিধি হিসেবে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তিনি ব্যাংকের পরিচালকের পদ ছেড়ে দেন। নথি অনুযায়ী, ২০১৭ সালের ৮ জুন থেকে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন।