Image description

ঢাকার সাভারের একটি  মাঠে ড্রামের ভেতর প্রেসার কুকারসদৃশ ‘বোমা’ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর গোপের বাড়ি এলাকার ঘোড়া মসজিদের মাঠে পাওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল রওনা হয়েছে।

এর আগে মসজিদের মাঠে স্থানীয়রা বোমাসদৃশ বস্তুটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

আগামীর সময়কে এসব তথ্য জানান ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন।

এর আগে গতকাল সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে গানপাউডার, ককটেল, হাতবোমাসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

হেমায়েতপুর এলাকা থেকে আরিফ হোসেন নামে একজনকে আটক করা হয় পাঁচটি ককটেলসহ। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সাভারের অন্য একটি ইউনিয়ন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটল।

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা ইমরান জানালেন, ‘মঙ্গলবার রাতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নীল রঙের একটি ড্রাম মাঠে রেখে যান। সকালে স্থানীয়রা ড্রামটি খুলে এর ভেতরে কোরআন শরীফ, প্রেসার কুকারসদৃশ ‘বোমা’ ও কিছু কাপড় দেখতে পান। পরে তারা কোরআন শরীফটি সরিয়ে নেন এবং বোমাসদৃশ বস্তুটি দেখে পুলিশকে খবর দেন।’

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রেখেছে। ‘বোমাটি’ কী ধরনের এবং সেটি আদৌ বিস্ফোরক কি না, তা বোমা ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে নিশ্চিত করবে।