মেহেরপুরের গাংনীতে ৪৮ ঘণ্টা ধরে ঘিরে রাখা একটি জমি থেকে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। সোমবার (১০ আগস্ট) দুপুরে যশোর ক্যান্টনমেন্ট থেকে ১৯ সদস্যের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল উপজেলার বেতবাড়িয়া গ্রামে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর তরিকুল ইসলাম।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘেরাও করে রাখা জমিতে মাটি খুঁড়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় একে একে ল্যান্ডমাইনগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ৯৬টি ল্যান্ডমাইনের মধ্যে ৭৯টি অ্যান্টি-পার্সোনাল মাইন এবং ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন রয়েছে। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মাইনগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে উদ্ধার করা মাইনগুলো ধ্বংসের উদ্দেশ্যে গ্রামের জনবসতি থেকে দূরে পার্শ্ববর্তী মধুগাড়ি গ্রামে ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে মাইন উদ্ধারের স্থানটি ক্রাইমসিনের ফিতা দিয়ে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। দুই দিন ধরে ঘটনাস্থল পাহারায় ছিল বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত দুটি দল।
একসঙ্গে এতগুলো ল্যান্ডমাইন উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে একটি জমিতে এত বিপুলসংখ্যক ল্যান্ডমাইন এলো, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে আশপাশের অন্য কোনো স্থানে এ ধরনের বিস্ফোরক থাকতে পারে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস জানান, গত শনিবার মাটি খোঁড়ার সময় স্থানীয়রা ল্যান্ডমাইনসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে গাংনী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে। পরে বিষয়টি বোম নিষ্ক্রিয়কারী ইউনিটকে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে যশোর থেকে সেনাবাহিনীর একটি বোম নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার অভিযানে মোট ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার বেতবাড়িয়া গ্রামের আবুল মালিথার ছেলে কালু মালিথা তার জমিতে কাজ করার সময় মাটির নিচে ল্যান্ডমাইনের কিছু অংশ দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জমিটি ঘিরে রাখেন। দীর্ঘ ৪৮ ঘণ্টা পর সোমবার সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার অভিযান চালিয়ে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার করে।