Image description

বরিশাল সফরের দ্বিতীয় দিনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেছেন। সোমবার (১০ আগস্ট) মন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের পূর্বে এ চারা রোপণ করেন রাষ্ট্রদূত।

জানা যায়, কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরেও বরিশালের মাটি, মানুষ ও দেশীয় ঐতিহ্যবাহী খাবারে অংশ নেনে ক্রিস্টেনসেন। দুপুরের আয়োজনে অতিথিকে স্বাগত জানানো হয় বরিশালের নিজস্ব স্বাদ ও দেশীয় খাবারের বৈচিত্র্য দিয়ে। নদীমাতৃক বরিশালের ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ইলিশসহ নানা ধরনের মাছ, ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার চিরচেনা দেশীয় খাবার পরিবেশন করা হয়।

খাবারের টেবিলে ছিল ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছ, ভর্তা-ভাজির বিচিত্র। নানা পদের এই আয়োজনের মধ্য দিয়ে বিদেশি অতিথির সামনে তুলে ধরা হয় বাংলাদেশের চিরায়ত অতিথিপরায়ণতা ও ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির একটি স্বতন্ত্র আঞ্চলিক রূপ। মধ্যাহ্নভোজের শেষ পর্বে ছিল মিষ্টান্ন হিসেবে গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।

 
 
 

বরিশালের মানুষের আতিথেয়তার উষ্ণতা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ-সব মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনের এই মধ্যাহ্নভোজ হয়ে ওঠে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা।