Image description

খুলনায় ছেলেকে খুঁজতে এসে না পেয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ৪-৫ জন দুর্বৃত্তের বিরুদ্ধে। তবে ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের কোমরের ডান পাশে বিদ্ধ হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই নারীর নাম শিমুল (৪০)। তিনি করিমনগর এলাকার মোবাইল ফোন ব্যবসায়ী মুকুলের স্ত্রী। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানালেন, সকাল সাড়ে ১০টার দিকে ৪–৫ জন যুবক মুকুলের বাড়িতে গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকেন। একপর্যায়ে হৃদয়কে না পেয়ে তারা মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে হৃদয়ের মায়ের কোমরের ডান পাশে লাগে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলামের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয়ের সঙ্গে অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

ওসি আরও বললেন, সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।