Image description

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ন্যায়বিচার, মেধা ও জবাবদিহিতার মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘শহীদ ওসমান হাদি জুলাই ফর জাস্টিস ডিবেট কম্পিটিশন–২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিতর্ক সংগঠন রুয়েট ডিবেটিং ক্লাবের দল ‘রুয়েট ডিসি সক্রেটিস’। তথ্যনির্ভর যুক্তি, সাবলীল উপস্থাপনা, আত্মবিশ্বাস এবং শক্তিশালী দলগত সমন্বয়ের মাধ্যমে প্রতিযোগিতার শিরোপা অর্জন করে দলটি।

‎ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) আয়োজনে এবং ডিবেট বাংলাদেশের সহযোগিতায় ‘৩৬ জুলাই উদযাপন–২০২৬’ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘দ্য জুলাই আপরাইজিং: জাস্টিস, মেরিট অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্বগুণ এবং সমসাময়িক বিষয়ে বিশ্লেষণী সক্ষমতা বিকশিত করা।

‎এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিতর্ক সংগঠনের ২৪টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং ঢাকা কলেজ।

‎প্রতিযোগিতার প্রিলিমিনারি বা ট্যাব রাউন্ড অনলাইনে ডিসকর্ড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। চারটি প্রিলিমিনারি রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়। ৯ আগস্ট ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

‎ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে ‘রুয়েট ডিসি সক্রেটিস’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই সঙ্গে ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রুয়েট ডিবেটিং ক্লাবের বিতার্কিক আবিদ মাহমুদ ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন।

‎প্রতিযোগিতার মোট প্রাইজমানি ছিল ১ লাখ ২ হাজার টাকা। চ্যাম্পিয়ন দল রুয়েট ডিসি সক্রেটিস পেয়েছে ৪০ হাজার টাকা। রানার্সআপ দল পেয়েছে ৩০ হাজার টাকা এবং দুই সেমিফাইনালিস্ট দল পেয়েছে ১০ হাজার টাকা করে। এছাড়া ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’কে ৭ হাজার টাকা এবং ‘ডিবেটার অব দ্য ফাইনাল’কে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

‎প্রতিযোগিতার ইকুইটি টিমে দায়িত্ব পালন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি মো. ফাহাদ হোসেন এবং বুটেক্স ডিবেটিং ক্লাবের সাবেক চিফ অব ইংলিশ উইং অপ্সরী আবেদীন।

‎এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন রুয়েট ডিবেটিং ক্লাবের সদস্যরা। তাদের মতে, নিয়মিত অনুশীলন, যুক্তিনির্ভর প্রস্তুতি, দলগত সমন্বয় এবং বিতর্কের প্রতি নিষ্ঠাই এ অর্জনের মূল ভিত্তি। জাতীয় পর্যায়ে এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের পাশাপাশি রুয়েটের সুনাম বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।