Image description

সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে পুড়ে মারা গেছেন নওগাঁর আত্রাই উপজেলার সাতজন।

রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

ইউএনও জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে ১৫, ১৭ এমনকি ১৯ জনের মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আত্রাই উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।