Image description

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে জলাতঙ্কের টিকা না থাকায় জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এই নির্দেশ দেওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে ‘ক্ষমা’ করার কথা জানিয়েছেন মন্ত্রী।

 

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আকস্মিক পরিদর্শনে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটি ঘুরে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা এবং জলাতঙ্কের টিকা না থাকার বিষয়টি জানতে পারেন। তিনি তাৎক্ষণিক মন্ত্রণালয়ে কল করে চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন।

 

জানা গেছে, হাসপাতালের সম্মেলনকক্ষে তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠকে বসেন। বৈঠকে সিভিল সার্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে আলোচনা হয়। এ সময় ভ্যাকসিনের বিষয়ে একটি ভুল-বোঝাবুঝি ছিল বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়। পরে স্বাস্থ্যমন্ত্রী আগের কঠোর সিদ্ধান্ত থেকে নমনীয় হন এবং বদলির আদেশ প্রত্যাহার করেন।

 

পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন বলেন, হাইমচরে র‍্যাবিসের টিকা শেষ হয়ে গিয়েছিল, এ জন্য স্যার একটু রাগ করেছিলেন।