Image description

পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে সুমন সরকার (৪০) নামের স্বরূপকাঠি পৌর কৃষকদলের বহিষ্কৃত এক নেতাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

 

শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটক সুমন সরকার ওই ওয়ার্ডের বাসিন্দা দুলাল সরকারের ছেলে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, একটি বসতবাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে চুরি করার সময় সুমন সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরে তার হাত-পা বেঁধে একটি অটোরিকশায় করে নেছারাবাদ থানায় নিয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন সরকারের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ও মাদকসেবনের অভিযোগ রয়েছে। তার এসব কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন। তিনি স্বরূপকাঠি পৌর কৃষকদলের সভাপতি পদে ছিলেন। তবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গত ১৮ জুলাই পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

 

 

নেছারাবাদ উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম ভূঁইয়া জানান, গত শুক্রবারও একটি বাড়িতে চুরির ঘটনায় সুমনের নাম আসে। শনিবার সন্ধ্যায় তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কৌশলে সটকে পড়েন। পরে রাতে নতুন করে অন্য একটি বাড়িতে তালা ভেঙে চুরি করার সময় স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

 

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দারা সুমনকে আটক করে থানায় দিয়ে গেছেন। তার কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরির মামলা প্রক্রিয়াধীন।