Image description

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে সোমবার (১০ আগস্ট)। ওইদিন সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক। কাঙ্ক্ষিত ফল না পেলে ফল ঘোষণার পরদিন থেকে অনলাইনে এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করা যাবে।

রবিবার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। শিক্ষাবোর্ড ও সব শিক্ষাপ্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবে। এছাড়া এসএমএস’র মাধ্যমেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।