Image description

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন।

তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে চোরাকারবারের একটি মামলাও রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে কুলাউড়া সীমান্তের বিপরীতে ভারতের মাগুরুলি এলাকায় একদল চোরাকারবারি যাওয়ার সময় বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানালেন, তারা মিয়ার বিরুদ্ধে চোরাকারবারের একটি মামলা রয়েছে। তবে বিএসএফের গুলিতে তার নিহত হওয়ার ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।