Image description

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত সন্দেহে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৮৫ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৩ জনে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা মোট ১৬ হাজার ৭৪০ জন।

 

 

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন রোগী। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে মারা গেছেন ৬ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম রোগে আক্রান্ত সন্দেহে মোট ৭৬৪ জন শিশুর মৃত্যু হলো। অন্যদিকে, এ পর্যন্ত ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে দেশে মোট ৯৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।