ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী। বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘অদম্য জুলাই’ শীর্ষক মিছিল শেষে প্রধান ফটকে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা শুধু দেখছি, ধৈর্য ধারণ করছি। আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, আপনাদের পিঠের চামড়া আমরা তুলে ফেলব। ক্যাম্পাস থেকে বিতাড়িত করব। এই ক্যাম্পাস হবে শুধুমাত্র ইনসাফের ক্যাম্পাস।
সমাবেশে ইউসুফ আলী অভিযোগ করেন, ক্ষমতার পরিবর্তনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের কথা উল্লেখ করে ওই মন্তব্য করেন।
গেস্ট রুম ও গণরুম সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এসব সংস্কৃতির বিলুপ্তি। তবে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পুনরায় এ ধরনের সংস্কৃতি চালুর অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে এসেছে। জুলাই যোদ্ধারা এখনও মরে যায়নি। তাদের রক্ত এখনও গরম। জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এখনো সম্পূর্ণ হয়নি।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ, চাঁদাবাজি, নারী নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জুলাই পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিভিন্ন মন্তব্য করেন তিনি।
এর আগে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সময়ের আলো