জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কথা স্মরণ করে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে অর্জিত গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসীকে দৃঢ় সংকল্প নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে ইউনূস বলেন, গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই। আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ, ৩৬ দিনে মাস। এ দিনে অন্যায়ের বিরুদ্ধে জাতির ভীষণ শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা তিনি স্মরণ করেন।
বিবৃতিতে তিনি এই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সব শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে যারা আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জুলাই আন্দোলনকে সর্বস্তরের ও সব শ্রেণি-পেশার মানুষের আখ্যা দিয়ে তিনি বলেন, এই আন্দোলনে রাজপথে নেমে এসেছিল স্কুল, কলেজ, মাদ্রাসা ও পাবলিক-প্রাইভেট-জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শিক্ষক ও অভিভাবক, জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে তুলে ধরা সাংবাদিক ও আলোকচিত্রী এবং পথচারীদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।
এ ছাড়া রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ কণ্ঠ ও সৃজনশীলতা দিয়ে শক্তি যুগিয়েছেন এবং রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও পেশাজীবীরা যে যার জায়গা থেকে আন্দোলনে অংশ নিয়েছেন বলে জানান তিনি। চরম ঝুঁকি নিয়ে আহতের জীবন বাঁচানো চিকিৎসক এবং বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সমর্থনের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।
নারীদের ভূমিকার কথা তুলে ধরে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, জুলাইয়ে নারীরা যে অসীম সাহসিকতার সঙ্গে লড়েছিলেন তা দেশের প্রজন্ম থেকে প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করবে এবং তরুণদের সাহস জোগাবে। এ ছাড়া শিক্ষার্থীদের অনন্য নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে যে দেশের সর্বস্তরের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন তারা সবচেয়ে দুর্ভেদ্য বলে মনে হওয়া কাঠামোকেও বদলে দিতে পারে। ঐক্যবদ্ধ জাতি হিসেবে সূচিত এই গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সবাইকে দৃঢ় সংকল্প নেওয়ার আহ্বান জানান তিনি।