সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে আজ মঙ্গলবার দুপুরে লেগেছে আগুন। অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ সময় হাসপাতালের বিভিন্ন ফ্লোরে থাকা রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। উদ্ধার করা হয় আটকে পড়া অনেককে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরা স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান এসব নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে হাসপাতালটির গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত অক্সিজেন সিলিন্ডার স্টোর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্লোরে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
সাতক্ষীরা সদর থানা পুলিশ ও ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরাও উপস্থিত হন ঘটনাস্থলে। সহযোগিতা করেন উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আগুনের সূত্রপাতের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানালেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।