সিরাজগঞ্জে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরবঙ্গ রেলপথে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে উদ্ধারকাজ শেষে শহীদ এম মনসুর আলী রেলস্টেশন থেকে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা হলে রেলযোগাযোগ সচল হয়। পরে সয়দাবাদ রেলস্টেশনে আটকে থাকা ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
সয়দাবাদ রেলস্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। রুটটিতে একটি মাত্র প্রধান লাইন থাকায় দুর্ঘটনার পর প্রায় ছয় ঘণ্টা ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকে।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেন দুপুর ২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা ২০ মিনিটের জোর তৎপরতা শেষে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে জামতৈল স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই বগিটি লাইনচ্যুত হয়েছিল। উদ্ধারকাজ সম্পন্ন হওয়ায় পর্যায়ক্রমে আটকে পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হচ্ছে।