ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত সবাইকে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। এ জন্য কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অবদান রাষ্ট্র কখনও ভুলবে না।
রবিবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
সালেহ শিবলী বলেন, ‘আমরা এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছি, যখন আন্দোলনের সময় কেউ নিরাপত্তা পেত, আবার কেউ পেত না। কিন্তু আজকের বাংলাদেশে সবাই নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করছি।’
তিনি জানান, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন। তবে প্রত্যেক ত্যাগের মূল্যায়ন একদিনে সম্ভব নয়। রাষ্ট্র ধীরে ধীরে সবার অবদান মূল্যায়ন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে।
প্রেস সচিব আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং বিগত সরকারের রেখে যাওয়া বিভিন্ন সংকট একসঙ্গে সামাল দিতে হচ্ছে। এসব কারণে অনেক কাজ বাস্তবায়নে সময় লাগছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহসভাপতি রাশেদুল হক।