Image description

ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দুই বছর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে তিনি পালিয়ে ভারতে চলে যান। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন। এ পর্যন্ত তার একাধিক অডিও বার্তা প্রকাশ পেলেও এবারই প্রথম তিনি প্রকাশ্যে আসছেন। আগামী ৫ই আগস্ট ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) নয়াদিল্লিতে এ বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছে। সেখানে নিজের ভবিষ্যৎ এবং বাংলাদেশে তার ফেরার বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে ভারতের অনলাইন ইন্ডিয়া টুডে।

এতে বলা হয়, ওই অনুষ্ঠান ৫ই আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আয়োজন করা হয়েছে নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে। এই ইভেন্ট ওই ক্লাবের সামাজিক মাধ্যমের প্ল্যাটফরমে সরাসরি সম্প্রচার করা হবে। সেখানে উপস্থিত থাকবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়সহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কূটনীতিক। ইন্ডিয়া টুডে লিখেছে, ১৫ বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তার সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। বিক্ষোভকারীরা ঢাকায় সরকারি ভবনে ভাঙচুর করার পর তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্যদিয়ে তার ক্ষমতার ইতি ঘটে। ভারতে অবস্থান করার পর কোনো ইভেন্টেই জনসম্মুখে আসা এড়িয়ে যান শেখ হাসিনা। আনুষ্ঠানিক মিডিয়াও এড়িয়ে চলেন। আগামী ৫ই আগস্ট তিনি প্রথমবার জনসম্মুখে এসে বক্তব্য দেবেন। এটাকে অনেক বড় করে দেখা হচ্ছে। তার পাশাপাশি এই অনুষ্ঠানে বাংলাদেশি রাজনৈতিক বেশ কিছু নেতা, কূটনীতিক এবং সরকারি পর্যায়ে ছিলেন এমন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে আছেন শেখ হাসিনার ছেলে এবং তার সরকারের সময় প্রধানমন্ত্রীর সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলি সিদ্দিকী।

এই প্যানেলে আরও আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও এমপি সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক আবু ওবাইদা অরিন ও বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ’র পরিচালক শাহ মো. বখতিয়ার। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব প্রেস ক্লাবস (আইএপিসি) ড. ওয়াইয়েল আওয়াদ।