সিলেটের ওসমানীনগর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র দক্ষিণ গোয়ালা বাজারে স্থানীয় জনতার তৎপরতায় দেশীয় অস্ত্রসহ তিনজন আটক হয়েছেন।
রোববার সন্ধ্যায় তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা আটক করে তল্লাশি চালালে দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পরে খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়। রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গোয়ালা বাজার এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানকালে দেশীয় অস্ত্রসহ ওই তিনজনকে স্থানীয় জনতা আটক করেন। পরে বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরে আটক তিনজনকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ ওসমানীনগর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ওসমানীনগর থানার ওসি গাজী মোস্তফা আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতার মাধ্যমে দেশীয় অস্ত্রসহ তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।