চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ৩০ ও ৩১ জুলাই—মাসের শেষ দুই দিনে দেশে ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর ফলে পুরো জুলাই মাসে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে।
বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, হুন্ডি নিয়ন্ত্রণে পদক্ষেপ এবং প্রবাসী আয় প্রণোদনা কার্যক্রম রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে।