Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে আঁকা গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত বিভিন্ন দেয়ালে অঙ্কিত গ্রাফিতিগুলো পুনরায় রংকরণ ও পুনর্লিখনের কাজ চলবে। এ কর্মসূচিতে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, জুলাইয়ের গ্রাফিতিগুলো ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং সে সময়ের ঘটনাপ্রবাহের স্মারক হিসেবে সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওই সময়ের ইতিহাস তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, দেশের ইতিহাস ও গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে এসব গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে দেশে যেন স্বৈরাচার বা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর মো. ইসরাফিল প্রাং, আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।