Image description

দীর্ঘদিন ধরে চরম অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট ও আঞ্চলিক সন্ত্রাসবাদের মুখে পড়া পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি থেকে জুলাই) ৪০ হাজারেরও বেশি বিশেষ গোয়েন্দা অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

 

শুক্রবার (৩১ জুলাই) রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানান দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখার (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

 

বিশেষ করে আফগান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখোয়া, খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), জাতিগত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হামলায় প্রতিনিয়ত সেনাসদস্য ও বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন।

 

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে সেনা মুখপাত্র স্পষ্ট জানান, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আলোচনা বা সমঝোতার সুযোগ নেই। তাদের হয় অবিলম্বে অস্ত্র ত্যাগ করতে হবে, নতুবা চরম পরিণতি ভোগ করতে হবে।

সেনাবাহিনীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সাত মাসে পাকিস্তানে ২৮টি আত্মঘাতী বোমা হামলাসহ মোট ৩ হাজার ১৪৫টি উগ্রপন্থি ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর জবাবে কেবল অস্থির বেলুচিস্তান প্রদেশেই ৩১ হাজারেরও বেশি গোয়েন্দাভিত্তিক অভিযানসহ দেশজুড়ে ৪০ হাজারের বেশি সামরিক অপারেশন চালানো হয়।

 

তবে এই রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতায় সেনাসদস্যসহ ব্যাপক প্রাণহানিও ঘটেছে। চলতি বছর সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ৩০৩ জন পাকিস্তানি সেনা, ১৯৪ জন পুলিশ কর্মকর্তা ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ৩২২ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

 

সংবাদ সম্মেলনে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রচারণাকে ভিত্তিহীন দাবি করে বলেন, সেখানে পরিস্থিতির ধারাবাহিক উন্নতি হচ্ছে।

 

তিনি আরও বলেন, ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বহু বিলিয়ন ডলারের ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর’ (সিপিইসি) সমৃদ্ধ এই অঞ্চলে অভিজাততন্ত্র ও উপজাতীয় সর্দারদের শোষণের যুগের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের জন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

 

নথিপত্রহীন আফগান শরণার্থীদের বিষয়ে পাক সেনা মুখপাত্র পুনর্ব্যক্ত করেন যে, অবৈধভাবে বসবাসকারী আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।

 

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নীতিটি চালুর পর প্রায় ২৬ লাখ আফগান ফিরে গেছেন। এর মধ্যে চলতি বছরেই গেছেন প্রায় ৬ লাখ মানুষ। তবে বৈধ ভিসা ও কাগজপত্র নিয়ে আসা আফগানদের ক্ষেত্রে কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।

 

সূত্র: আনাদোলু