রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পল্টন মডেল থানা পুলিশ। এ সময় অবৈধভাবে এসব অস্ত্র মজুত ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) এবং মো. রাজন (৩৪)।
শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবাধ বিক্রি ও সরবরাহ বন্ধে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি দোকান ও আশপাশের স্থান তল্লাশি করে বিভিন্ন ধরনের মোট ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।
উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে বিভিন্ন আকারের চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক, ইলেকট্রিক শক গান এবং আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তল। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব সামগ্রী সাধারণ গৃহস্থালি ব্যবহারের তুলনায় অপরাধ সংঘটনে ব্যবহারের উপযোগী হওয়ায় সেগুলো জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সম্ভাব্য ক্রেতা ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে ছিনতাই, সন্ত্রাস ও সহিংস অপরাধ নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্রের সরবরাহ বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে, যাতে অপরাধ সংঘটনের আগেই অবৈধ অস্ত্রের উৎস শনাক্ত ও নির্মূল করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং সম্ভাব্য ক্রেতাদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পল্টন মডেল থানা পুলিশ।