Image description

নারায়ণগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে পটকা নিক্ষেপের ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন—সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার গোলজার হোসেনের ছেলে মোখলেস এবং ফতুল্লার গাবতলী এলাকার শাহ আলম সরদারের ছেলে লোকমান।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলার একপর্যায়ে শহীদ মিনারের পেছনে অবস্থিত একটি তেলের পাম্পসংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তি দর্শকদের লক্ষ্য করে পটকা নিক্ষেপ করেন। এতে উপস্থিত দর্শকদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শিবিরের নেতাকর্মীরা তাদের ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।

 

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, অনুষ্ঠান চলাকালে দুই ব্যক্তি পাম্পের দিক থেকে দর্শকদের লক্ষ্য করে পটকা নিক্ষেপ করে। পরে উপস্থিত নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পূর্বপরিকল্পিতভাবে অনুষ্ঠান বিঘ্নিত করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ আটক দুজনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিবিরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা কিছু তথ্য দিয়েছেন। তাদের একজন সমাজতান্ত্রিক দলের নেতা এবং অপরজন সোনারগাঁয়ের সাবেক এক সংসদ সদস্যের রাজনৈতিক দলের কর্মী ছিলেন বলে জানা গেছে। তবে তাদের রাজনৈতিক পরিচয়, ঘটনার উদ্দেশ্য কিংবা এর পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা আদালতের মাধ্যমে বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।