বান্দরবানের রুমা উপজেলার বগালেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টার দিকে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জামির উদ্দিন ভোলা জেলার মানিকার হাট এলাকার জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে।
পুলিশ জানায়, ১০ সদস্যের একটি পর্যটক দল বৃহস্পতিবার বগালেকে বেড়াতে যায়। দলের আটজন বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নির্দেশনা উপেক্ষা করে রাতে মোটরসাইকেলে কেউক্রাডংয়ের দিকে রওনা হন।
পরে সেখান থেকে ফেরার সময় বগালেক-কেওক্রাডং সড়কের ঢালু অংশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যান। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালান। পরে খাদ থেকে কয়েক ফুট নিচে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, দুর্ঘটনায় নিহত দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।
শীর্ষনিউজ