Image description

কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি ও চলমান মানবিক কার্যক্রম সরেজমিন পরিদর্শনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের নেতৃত্বে ১৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজার সফরে এসেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন। বিমানবন্দর থেকে তারা সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, সফরের শুরুতে প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবে। এরপর তারা বর্ধিত ৮-ডব্লিউ নম্বর ক্যাম্প এবং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের জীবনযাপন, খাদ্য সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মানবিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থা ও কর্মকর্তাদের কাছ থেকে জানবেন।

দিনব্যাপী ক্যাম্প পরিদর্শন শেষে বিকালে উখিয়া উপজেলা সদরের নর্থ এন্ড কফি রেস্টুরেন্টে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রোহিঙ্গা সংকট, চলমান মানবিক সহায়তা, ভবিষ্যৎ সহযোগিতা এবং প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

বৈঠক শেষে সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে কক্সবাজার ছাড়বে।