Image description

আওয়ামী লীগ ও বিএনপিকে ‘গুপ্ত দল’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে ‘জুলাই পথযাত্রা’ শেষে পথসভায় এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কয়েক দিন ধরে আমাদের ওপর হামলা হচ্ছে। রাস্তায় গেলে মানুষ আমাদের দেখতে আসে, কিন্তু তাদের ভেতরে কিছু গুপ্ত বিএনপিও থাকে। বাংলাদেশের দুটি গুপ্ত দল—একটি আওয়ামী লীগ, আরেকটি বিএনপি।’

তিনি বলেন, ‘যাঁদের আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত করেছি, তাঁদের একটি অংশ এখন অস্ত্র নিয়ে আমাদের মারতে আসে। তারেক রহমান দেশে আসতে পারতেন না। আমরা আপনার মাকে মুক্ত করেছি। রক্ত আমরা দিয়েছি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ১৭ বছর ধরে গণতন্ত্রের কথা বলা দলটি মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে ট্রাকের চাকা পাংচার করে সড়ক বন্ধ করে রেখেছিল।

তিনি বলেন, ‘বাংলাদেশকে গণতন্ত্র বেছে নিতে হবে। যদি সন্ত্রাস বেছে নেন, তাহলে জেনে রাখুন—সব সন্ত্রাসীর মোকাবিলায় আমরা প্রস্তুত।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘ওসমান হাদিকে নিশ্চিহ্ন করা হয়েছে, কিন্তু লক্ষ-কোটি হাদি জন্ম নিয়েছে। আমাদেরকেও নিশ্চিহ্ন করুন, আজাদির কোটি কোটি সৈনিক রাজপথে নামতে প্রস্তুত।’