Image description

বিএনপি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, ‘বিএনপি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে এনসিপির ওপর এসব হামলা হচ্ছে। এই নির্দেশ বাস্তবায়নে কাজ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।’

সম্প্রতি হবিগঞ্জ ও সিলেটের গোলাপগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

 

এর আগে, বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করা হয়। ওই গাড়িতে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতু ছিলেন।

এই হামলার পর এনসিপি নেতারা সিলেট সার্কিট হাউসে অবস্থান নেন। এরপর সন্ধ্যায় পদযাত্রা নিয়ে কানইঘাটের উদ্দেশে রওনা দেন।

 

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন বলেন, ‘দেশে আইনের শাসন নেই। দেশে কেউ নিরাপদে নেই।’

দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারী এমপি ডা. মাহমুদা মিতু বলেন, ‘তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান? শেখ মুজিব যেমন জাসদ নেতাদের মেরে ফেলেছিলেন। তারেক রহমানও কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চান? সেটা করতে চাইলে উনি আমাদের বলুক।’

গোলাপগঞ্জের হামলা প্রসঙ্গে মিতু বলেন, ‘জুলাইয়ের নেতারা হামলার শিকার হচ্ছে, ছাত্রদল-বিএনপি হামলা করছে, তারেক রহমানের কোনও প্রতিক্রিয়া নেই। এভাবে তিনি দেশ চালাতে পারবেন না।’

তিনি বলেন, ‘আমাদের হত্যার উদ্দেশ্যে হামালা করা হয়েছে। সেন্ট্রালি অরগানাইজডলি তারা (বিএনপি) এটা করছে। আজকে দুদিন ধরে হামলা হচ্ছে, কিন্তু বিএনপির সেন্ট্রালি কোনও আওয়াজ নেই, কাউকে বহিষ্কার করেনি; বরং তারা পুলিশকে বলছে, তোমরা চুপ থাকো।’

এনসিপি নেত্রী বলেন, ‘আজ যেভাবে গ্লাস ভাঙছে, স্পট ডেড হতে পারতো। আরেকটা ইট ছুড়লেই কেউ মারা যেতো।’

হামলার প্রসঙ্গে সারজিস আলম প্রশ্ন তোলেন, ‘শেখ হাসিনার মতো তারেক রহমানও এখন কি ছাত্রদলকে খুনি বাহিনী বানাতে চান? যদি তারেক রহমান তাই চান, তাইলে ঘোষণা দিক। আমরা ওইভাবে প্রস্তুতি নেবো।’

তিনি বলেন, ‘ছাত্রদলকে তারেক রহমান এভাবে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করবে আমরা ভাবিনি। তাহলে প্রটেকশন নিয়ে চলতাম। আর পুলিশ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই পুলিশ বাংলাদেশের পুলিশ নয়, এটি তারেক রহমানের পুলিশ। তারেক রহমান আমাদের দমন করার জন্য স্বৈরাচারী পথ বেছে নিয়েছেন।’

জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতনিবিনিময় করতে বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

এর আগে থেকেই গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। সারজিস আলমদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছামাত্র ছাত্রদল নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন।

আর অনুষ্ঠানস্থল থেকে বের হলে গোলাপগঞ্জ পৌরসভা গেইটের নূর ম্যানশনের সামনে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়।

এনসিপির অভিযোগ, ছাত্রদল ও বিএনপি এই হামলা চালিয়েছে।