Image description
মুক্তিযুদ্ধের সময় বিএনপি ছিল না, কাজেই তারা (বিএনপি) তো বলতে পারে না আমার দল মুক্তিযুদ্ধ করেছে বলে অভিমত প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। 
 
 
গত রবিবার (২৬ জুলাই) জিটিভিতে প্রকাশিত ‌‘চেনা মানুষের আপন ভুবন’ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
 
ফজলুর রহমান বলেন,“মুক্তিযুদ্ধের সময় বিএনপি ছিল না। কাজেই বিএনপি তো বলতে পারে না আমার দল মুক্তিযুদ্ধ করেছে। বিএনপি এখন যারা করে তাদের অনেকেই মুক্তিযুদ্ধ করছে। তাদের নেতা জিয়াউর রহমান তখন কোন দলও করেনা। উনি তখন একজন মেজর। মেজর হয়ে উনি সেঞ্চুরি মারছে একটা। প্রথমে উনি নিজের নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, পরে বঙ্গবন্ধুর নামে বলছে। এরপর তিনি সবচেয়ে জনপ্রিয় সামরিক ব্যক্তিত্ব। 
 
তিনি বলেন, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। ৭০ এর নির্বাচনে সব সিট আওয়ামীলীগ পাইছে। তারাই যুদ্ধে গেছে। তাদের সংখ্যা মুক্তিযুদ্ধে বেশি ছিল। দল হিসেবে আওয়ামীলীগ ছাড়া কেউ মুক্তিযুদ্ধে অবদান রাখে নাই। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে আমি জান দিয়ে কাজ করছি।
 
 
তিনি আরও বলেন, এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার ডাকে। যতদিন জঙ্গলে বেঙ্গল টাইগার ডাকবে ততদিন রাজাকার এদেশে জিতবে না। এদেশে ফাইনাল রাজনৈতিক যুদ্ধ হবে। এই যুদ্ধটা হবে ৭১ সঠিক ছিলো না ৭১ ভুল ছিলো। যারা মনে করে মুক্তিযুদ্ধ ভুল ছিলো তারা জামায়াতের নেতৃত্বে, জঙ্গিদের নেতৃত্বে একপক্ষে দাড়াবে। তারা নিশ্চিতভাবে হারবে। তারা অসত্যের পথে, অন্যায় ও অরাজকতার পথে। কাজেই মুক্তিযুদ্ধের শক্তি জিতবে।