Image description

বিএনপি সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নেত্রকোনার প্রেসক্লাব মিলনায়তনে দলের জেলা শাখার মজলিসে শুরা অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে আহমদ আবদুল কাইয়ূম বলেন, ফ্যাসিবাদের পতনের পর মানুষের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল জনআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যেখানে বিগত ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হবে না। প্রতিহিংসার রাজনীতির কবর রচিত হবে। মানুষের জীবন-সম্পদ, সম্মান ও সম্ভ্রমের নিরাপত্তা পাবে। ধর্মকর্ম স্বাধীনভাবে করতে পারবে। কিন্তু বর্তমান সরকারের পাঁচ মাসের শাসনে জনমনে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

 

তার মতে, বিরোধী মত দমনে বর্তমান সরকারও বিগত ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। গতকালের এনসিপি নেতাদের ওপর হামলা তা প্রমাণ করে।

 

আহমদ আবদুল কাইয়ূমের দাবি, জুলাই সনদের আলোকে দেশ পরিচালনা করতে হবে এবং নতুন রাষ্ট্রপতি জুলাই সনদের আলোকেই নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে ১৮০ দিনের মধ্যে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন করতে হবে।

 

বিজয়ের ৫৫ বছর পরও এ দেশের মানুষ ন্যায়বিচার পায়নি জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ এখনও শোষণ ও বঞ্চনার শিকার। ন্যায়বিচার থেকে বঞ্চিত। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের করালগ্রাসে নিমজ্জিত। এ অবস্থায় জনআকাঙ্ক্ষার বৈষম্যহীন, শোষণ-বঞ্চনামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এজন্য সবাইকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে।

 

 

জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম হাকিমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি ওয়ালী উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা মামুনুর রশিদ রব্বানী, মাহমুদুল হাসান খান সানি প্রমুখ।