Image description

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে কুতুপালং মধুরছড়া ইরানী পাহাড়ে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ-২৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) সদস্য ছিলেন। তিনি একই ক্যাম্পের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেন। তদন্তের স্বার্থে গ্রেপ্তারদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

জানা গেছে, ভোরে জুবায়ের নিজ ঘর থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে ইব্রাহিম নামে এক ব্যক্তির ঘরের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালায়।

মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ‘স্থানীয়রা গুলিবিদ্ধ জুবায়েরকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি আরও বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ভোররাতে ওই স্থানে নিহতের উপস্থিতিও সন্দেহজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।