চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মো. সুজনের নবজাতক কন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল ঢাকার কেরানীগঞ্জে মো. সুজনের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নবজাতকের জন্য উপহার তুলে দেন।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা নবজাতক সাইফা নুর সুবহার খোঁজখবর নেওয়ার পাশাপাশি আহত জুলাই যোদ্ধা মো. সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতিরও খোঁজ নেন।
সফরকালে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপির নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।