রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি দেয়াল ধসে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এ ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকে। হঠাৎই তাদের ওপর কলেজের পুরোনো দেয়াল ধসে পড়ে। এতে নিচে চাপা পড়েন অনেকেে আহত হন। পরে তাদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ মিরপুর কলেজের দেয়াল ধসে পড়লে ৮ জন আহত হয়।
ওসি জানান, সেখানে প্রতিদিনই টিসিবির পণ্য বিক্রি হয়। কিছুটা কম দামে নিত্যপণ্য নিতে মানুষ ভিড় করে এখানে। তখন অনেক মানুষ পণ্য সংগ্রহের পেছনে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালচাপা পড়েন। লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে।
ওসি হাফিজু আরও বলেন, আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় নাসিমা বেগম নামে এক নারীকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলে এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরেক নারী। বাকিরা চিকিৎসাধীন।