Image description

২০২৬ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করে ফুটবলপ্রেমীদের মন জয় করেছিলেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফ্রি এজেন্ট হয়ে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলোতে যোগ দিয়েছেন তিনি। তবে নতুন ক্লাবে পা রেখেই একটি বড় পরিবর্তনের মুখে পড়তে হচ্ছে অভিজ্ঞ এই গোলরক্ষককে। জার্সিতে তার প্রিয় ডাকনাম ‘ভোজিনহা’ আর ব্যবহার করতে পারবেন না।

চিলির প্রিমেরা ডিভিশনের কঠোর নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় জার্সির পেছনে ডাকনাম ব্যবহার করতে পারেন না। নিয়ম ভঙ্গ করে মাঠে নামলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হবে এবং ক্লাবকে গুনতে হবে জরিমানা।

এই নিয়মের কারণে কলো-কোলোর হয়ে খেলতে হলে নিজের ‘আসল নাম’ বা ‘পারিবারিক পদবি’ ব্যবহার করতে হবে ভোজিনহাকে। ফুটবল বিশ্বে যে নামে তিনি পরিচিত, সেই ‘ভোজিনহা’ আসলে তার ডাকনাম। তার পুরো নাম ‘জোসিমার হোসে এভোরা দিয়াস’।

লিগের নিয়মে পরিবর্তন না এলে আগামী মৌসুমে তার জার্সির পেছনে ‘এভোরা’, ‘দিয়াস’ কিংবা ‘এভোরা দিয়াস’ লেখা থাকতে পারে। তবে চিলিয়ান লিগের সব ক্লাবের মালিকদের সম্মতি ছাড়া এই নিয়ম পরিবর্তনের সুযোগ নেই, আর সেই সম্ভাবনাও খুব বেশি নয়।

শুধু নাম নয়, জার্সি নম্বর নিয়েও সমস্যায় পড়তে পারেন এই অভিজ্ঞ গোলরক্ষক। কলো-কোলোর ১ নম্বর জার্সি বর্তমানে গোলরক্ষক ফার্নান্দো দে পলের দখলে থাকায় ভোজিনহাকে নতুন মৌসুমে সম্ভবত ১৬ নম্বর জার্সি পরেই মাঠে নামতে হবে।

বিশ্বকাপে নিজের পরিচিত ‘ভোজিনহা’ নামেই আলো ছড়ানো এই গোলরক্ষকের জন্য চিলির নতুন অধ্যায় শুরু হবে নতুন পরিচয়ে। তবে নাম বদলালেও তার পারফরম্যান্সের ওপরই থাকবে ভক্তদের মূল নজর।