Image description

মোবাইল অ্যাপসের মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে নাটোরের বড়াইগ্রামে এক স্কুলছাত্রীর বাড়িতে ছুটে এসেছেন চীনা নাগরিক সুবেজ।

Advertisement

তিনি বর্তমানে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের চর ভবানীপুর ভাটোপাড়া গ্রামে তার বন্ধু সাদিয়া খাতুনের (১৭) বাড়িতে অবস্থান করছেন। সাদিয়া ওই গ্রামের কৃষক সাদ্দাম হোসেনের মেয়ে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সুবেজ। পরে বিমানবন্দর থেকে সাদিয়ার স্বজনরা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন।

খবর পেয়ে শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকরা ওই বাড়িতে গেলে চীনা নাগরিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমনকি তার পাসপোর্টটি দেখলে চাইলে তিনি তাতেও রাজি হননি। এদিকে চীনা নাগরিকের আগমনের খবর পেয়ে সকাল থেকে শত শত নারী-পুরুষ সাদ্দাম হোসেনের বাড়িতে ভিড় করছেন।

জানা গেছে, সাদিয়া স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। কয়েক মাস আগে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে ওই চীনা নাগরিকের সঙ্গে সাদিয়ার পরিচয় হয়। এরপর থেকেই তাদের কথোপকথন ও বন্ধুত্বের সূত্রপাত। 

সাদিয়া জানান, আমাদের মধ্যে শুধুই বন্ধুত্ব, অন্য কিছু নেই। তবে আমারও যেমন তাকে ভালো লাগে, সেও আমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। কথাবার্তার একপর্যায়ে তিনি নিজেই আমাদের বাড়িতে আসতে চান। তখন আমার বিশ্বাস হয়নি। পরে ভিসা, পাসপোর্ট দেখালে বিষয়টি আমি বাবা-মাকে জানাই। তারা সম্মতি দেওয়াতে তিনি বাংলাদেশে এসেছেন। তিনি আসার সময় একটি স্মার্টফোন ও চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী এনেছেন। গ্রামের মানুষ ও শিশুদের সঙ্গে ইতোমধ্যেই তার বেশ সখ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশে এসে স্থানীয় খাবার, বিশেষ করে মুরগির মাংস ও চা তার খুব পছন্দ হয়েছে। 

চীনা নাগরিক সুবেজ বলেন, আমি বন্ধুত্বের টানে বাংলাদেশে এসেছি। তবে আমার বন্ধুর বাবা-মা যদি চায়, তাহলে আমি চলে যাব। আর আমি চাই সাংবাদিকরা চলে যাক। আমি তাদের সঙ্গে কথা বলতে চাই না।  

 

 

সাদিয়ার পিতা সাদ্দাম হোসেন জানান, আমার মেয়ে আমাকে জানানোর পর আমি তাকে আসতে বলেছি। তিনি আমার মেয়ের বন্ধু। তিনি আমার বাড়িতে এসেছেন, এতে আমি খুশি। একজন মেহমান হিসেবে থাকবে, বেড়াবে, চলে যাবে। এর মধ্যে অন্য কোনো বিষয় নেই। 

জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, বন্ধুত্বের টানে আমাদের ভবানীপুর গ্রামের সাদ্দাম হোসেনের বাড়িতে একজন চীনা নাগরিক এসেছেন। আমাদের এলাকা ঘুরে দেখছেন। একজন মানুষের প্রতি আরেকজনের ভালোবাসা ও বন্ধুত্ব সৃষ্টি হলে দূরদেশ থেকেও যে দেখা করতে আসতে পারে- এই চীনা নাগরিক তার উদাহরণ।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, বন্ধুর আমন্ত্রণে চীনা নাগরিকের আসার খবর পেয়েছি। আমরা খবর রাখছি, তার নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই। তবু যদি তারা চায়, তাহলে তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।