বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতির শেষ নক্ষত্র ও শেষ প্রদীপ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবেন না এবং দেশ পুনর্গঠনে সম্পূর্ণ বদ্ধপরিকর বলেও জানান এই বিএনপি নেতা।
হাবিবুর রহমান হাবিব বলেন, বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, তারেক রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়েও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সবসময় জনস্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
হাবিবুর রহমান হাবিব উল্লেখ করেন, সংবিধান সংস্কার বা সংশোধন—যাই করা হোক না কেন, তা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হতে হবে। তার দাবি, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হবে। একই সঙ্গে তিনি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতকরণে এবং তারেক রহমানের সুরক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।