Image description

রিকশা চোর সন্দেহে সাভারে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রিকশার গ্যারেজের মালিক ও এক রিকশাচালককে। গ্যারেজ মালিক জানালেন, ঘটনা ঘটে যাওয়ার পর তিনি নিশ্চিত হয়েছেন, খোয়া যায়নি কোনো রিকশা। 

নিহত আবুল খায়ের পাটোয়ারী (২৭) চাঁদপুর জেলা সদর থানার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-  গ্যারেজের মালিক নুরুজ্জামান ও রিকশা চালক শুভ।

ঘটনাটি সোমবার সন্ধ্যার। তবে আজ মঙ্গলবার বিকালে সাভার মডেল থানা পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

গ্যারেজ মালিক নুরুজ্জামান গ্রেপ্তার হওয়ার আগে দিয়েছিলেন ঘটনার বর্ণনা। তিনি বলেছেন, 'সোমবার সকাল ৯টার দিকে সাভার পৌর এলাকার উলাইল মহল্লায় আমার রিকশার গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হয়েছে বলে জানায় শুভ নামে এক রিকশাচালক। তার কিছু সময় পরে শুভ এসে বলে যে চোরকে ধরেছে। এরপর রিকশার জন্য চোরকে এনে গ্যারেজে আটকে রেখেছিলাম। কিন্তু সেসময় বেশ কিছু লোক ওই চোরকে মারধর করে।'

নুরুজ্জামানের ভাষ্য, মারধরে শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে আবুল খায়ের নামে ওই যুবককে তিনিই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রেখে আসেন। পরে পুলিশের মাধ্যমে জানতে পারেন যে খায়ের মারা গেছেন।   

'তবে পরে রিকশা চুরি হয়নি বলেও জানতে পেরেছি'- বললেন নুরুজ্জামান।

সাভার মডেল থানার পরিদর্শক নূর মোহাম্মদ জানালেন, খায়ের থাকতেন চাঁদপুরে। হঠাৎ রবিবার পরিবারের কাউকে না বলে সাভারে চলে এসেছিলেন।

এ ঘটনায় নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি মামলা করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।