Image description

“হলের বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো সস মেখেছিলাম-- সানজিদা তন্বী (জুলাই যোদ্ধা”-- এমন একটি ভুয়া উক্তি সম্প্রতি ছড়ানো হয়েছে আওয়ামীপন্থী এক্টিভিস্ট কাজী মামুনসহ বিভিন্ন ফেসবুক একাউন্ট থেকে।

সেই ভুয়া উক্তিটি নিজের ফেসবুক পেইজে শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সিনিয়র অধ্যাপক কাবেরী গায়েন।

ভুয়া উক্তিটি ছড়ানোর সময় তিনি কৌশলে একটি প্রশ্ন যুক্ত করে দিয়েছেন, “এও কি সত্যি?”

কাবেরী গায়েন ১৬ জুলাই বিকালে জুলাই আন্দোলন সংক্রান্ত একটি খবরের ফটোকার্ড তার ফেসবুক প্রোফাইলে যুক্ত করে ক্যাপশনে ভুয়া উক্তিটি লিখেছেন এভাবে: "বাহ! আরেকটা অত্যন্ত আইকনিক ছবি ছিল এক মেয়ে হাতে লাঠি যার সারা মুখে ছিল রক্ত। আজ তিনি সাক্ষ্য দিয়েছেন দেখলাম যে বড়ভাইয়ের কথায় তিনি মুখে টম্যাটো সস মেখেছিলেন।"

তবে ছাত্রলীগের হাতে ২০২৪ সালের ১৬ জুলাই আহত ও রক্তাক্ত হওয়া সানজিদা তন্বি দ্য ডিসেন্টকে বলেছেন, এমন কোন কথা তিনি কখনো বলেননি।

তিনি বলেছেন, “এটা তো আওয়ামী লীগের পুরান একটা প্রোপাগান্ডা। ২৪ থেকেই বলে আসছে (এটা)।”

অনলাইনে সার্চ করে আওয়ামীপন্থী কিছু এক্টিভিস্টের প্রোফাইল ও পেইজ ছাড়া কোন নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে তন্বির এমন উক্তির প্রমাণ পাওয়া যায়নি।

২০২৪ সালের আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় রক্তাক্ত তন্বির ছবি দেশের মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল এবং তখনই এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল।

প্রসঙ্গত, কৌশলী ডিসইনফরমেশন প্রচারকারীরা সাধারণত কোন ভুয়া খবর ছড়ানোর সময় একটি প্রশ্ন জুড়ে দেন, যাতে পরবর্তীতে কেউ এটির সত্যতা নিয়ে প্রশ্ন তুললে “আমি তো সত্য কিনা জানতে চেয়েছি” বলে অজুহাত দেখাতে পারেন।